গাজীপুরে পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার সদস্যকে গতকাল শুক্রবার জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা সদর উপজেলার মীরের বাজারসহ কয়েকটি স্থানে পরিবহনে নিয়মিত চাঁদাবাজি করে আসছিলেন।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন গাজীপুর সদর উপজেলার পুবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাওসার, কনস্টেবল কৃষ্ণ কুমার, রুস্তম আলী ও খায়রুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, পুবাইল পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাওসার, কনস্টেবল কৃষ্ণ কুমার, রুস্তম আলী ও খায়রুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর সদরের মীরের বাজার ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ ওঠে।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জেনে এর সত্যতা খুঁজে পান। পরে তাঁদের গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
জয়দেবপুর থানাধীন পুবাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মিস্টার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।