গাজীপুরে ৪০ হাজার অবৈধ গ্যাস-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন গাজীপুর সদর ও কালিয়াকৈর জোনে ৪০ হাজারের বেশি অবৈধ গ্যাস-সংযোগ টানা হয়েছে। প্রতিটি সংযোগের জন্য নেওয়া হয়েছে ৩০ থেকে ৬০ হাজার টাকা। আর মাসে বিল তোলা হচ্ছে ৫০০ টাকা করে। সেই হিসেবে অবৈধ গ্যাস-সংযোগের মাধ্যমে প্রতি মাসে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার সঙ্গে প্রভাবশালী একটি চক্র জড়িত। চক্রটির বেশির ভাগই ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুরের উপমহাব্যবস্থাপক আশিকুর রহমান জানান, সরকার অবৈধ গ্যাস-সংযোগ বৈধকরণের ঘোষণা দিলে গাজীপুর জোন থেকে নয় হাজার ও কালিয়াকৈরের চন্দ্রা জোন থেকে পাঁচ হাজার আবেদনপত্র জমা পড়ে। জরিপ করে দেখা গেছে, বর্তমানে এ দুটি জোনে অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে এরও তিন গুণ।
গতকাল শনিবার সকালে সদর উপজেলার আমবাগ এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশ দিয়ে গর্ত করে প্রায় ১৫ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত অবৈধ সংযোগ টানা হয়েছে। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই রাইজার বসিয়ে চুলার ব্যবহার চলছে। একই অবস্থা দেখা গেছে কোনাবাড়ী ও নছের মার্কেট এলাকায়ও। স্থানীয় লোকজন বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী আসাদুল ও আবদুল কাদের টাকা নিয়ে এসব সংযোগ দিয়েছেন।
এ সময় বোর্ডবাজার এলাকার এক বাড়িওয়ালা জানান, তিনি পাঁচতলা বাড়ি নির্মাণ করে গ্যাসের জন্য ভাড়া দিতে পারছিলেন না। পরে অবৈধভাবে গ্যাস-সংযোগ নেন।
কালিয়াকৈরের মাঝুখানা, ভান্নারা ও রতনপুর এলাকায় গিয়ে জানা যায়, গত এক মাসে এসব এলাকার বাড়িতে বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও অনেক গর্ত করে নতুন পাইপ বসানোর কাজ চলছে। দেখা যায়, অবৈধভাবে সংযোগ নিতে অনেক স্থানে পাইপ ফেলে রাখা হয়েছে। পাইপ ফেলার জন্য গর্তও করা হয়েছে।
অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার কথা স্বীকার করে সদর উপজেলার নছের মার্কেট এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের কর্মী আবদুল কাদের গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকাবাসী সুবিধার জন্য টাকা সংগ্রহ করে গ্যাসের লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর জন্য কারও কাছ থেকে ৩০ হাজার, আবার কারও কাছ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তিনি অন্তত দেড় শ বাড়ি থেকে টাকা নিয়ে গ্যাস-সংযোগ দেওয়ার কথা স্বীকার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তিতাস গ্যাস অফিসের হিসাব শাখার এক কর্মকর্তা জানান, বিগত বিএনপি আমলে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সময়ও বেশ কিছুদিন গ্যাস-সংযোগ বন্ধ ছিল। ওই সময় সোলায়মান মুন্সিসহ কয়েকজন ঠিকাদার গাজীপুরে শত শত অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। পরে মন্ত্রণালয়ের নির্দেশে তিন মাসের বিল জরিমানা দিয়ে অবৈধ সংযোগ বৈধ করতে দুই মাসের বিশেষ সুযোগের ঘোষণা দেওয়া হয়।
তিতাস সূত্র জানায়, গত দেড় মাসে গাজীপুর সদর ও কালিয়াকৈরে ১৫ থেকে ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সময় অভিযান চালাতে গিয়ে অবৈধ সংযোগকারীদের হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিতাসের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
জানতে চাইলে তিতাসের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘অবৈধভাবে গ্যাস ব্যবহারের কোনো সুযোগ নেই। আমরা প্রতিটি গ্রামে গিয়ে তালিকা করছি এবং কাল-পরশু থেকে নিয়মিত অভিযান চালানো হবে।’