গাজীপুরে ৪০০ একর খাস জমি উদ্ধারে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বেহাত হয়ে যাওয়া ৪০০ একর খাসজমি উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। কাশিমপুর ভূমি অফিসের আওতাধীন গোবিন্দবাড়ী, বড় ভবানীপুর ও কৌচাকুড়ী—এই তিনটি মৌজার খতিয়ানে জালিয়াতি হওয়ায় জমা ভাগ, নামজারিসহ যাবতীয় কাজ স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।খতিয়ানগুলোর জমি হস্তান্তর দলিল নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে খতিয়ান জালিয়াতির মাধ্যমে জমি বেহাত করার তথ্য দেওয়ার পর সরকার এ নির্দেশ দিয়েছে।ভূমিসচিব আতাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাজীপুরের কাশিমপুর পরিদর্শনের পর এই তিন মৌজায় প্রচুর পরিমাণে খাসজমি বেহাত ও জালিয়াতির অবিশ্বাস্য তথ্য বেরিয়ে এসেছে।সচিব বলেন, এসব খতিয়ান থেকে সৃষ্ট খারিজ/নামজারি খতিয়ান বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট খতিয়ানের ভূমিমালিকদের নোটিশ দিয়ে সন্দেহজনক রেকর্ডের সঠিকতা যাচাইয়ের বিষয়ে শুনানি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৫টি দাগে প্রায় ৪০০ একর খাসজমি বেহাত হয়ে গেছে। রেকর্ডের ৩৯টি খতিয়ান জাল করে ব্যক্তিমালিকানার নথিপত্র দেখিয়ে এ জমি হাতিয়ে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভূমি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাই এর জন্য দায়ী। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়ে ওই কর্মকর্তারা এই জালিয়াতি করেছেন। জড়িত কর্মকর্তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে চাকরি থেকে অবসরও নিয়েছেন।জানা গেছে, প্রাথমিক অভিযোগ শুনে ভূমিসচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল কাশিমপুর ভূমি অফিসে গিয়েছিল। পরিদর্শনের সময় তাঁরা দেখেন, খতিয়ান জাল করে ৩৯৩ দশমিক ৬৯০০ একর জমি হাতিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন মৌজার বিষয়ে এ তথ্য পেয়ে সচিব তখন পুরো বিষয়টি তদন্তের জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (আইন) নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব ভলিউম প্রায় এক মাস ধরে পরীক্ষা করে সুপারিশসহ সচিবের কাছে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে এই জমি উদ্ধারে আরেকটি কমিটি গঠনের সুপারিশ করে। গোবিন্দবাড়ী মৌজা: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, গাজীপুর জেলা প্রশাসক এবং কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে রক্ষিত মৌজার ভলিউম পরীক্ষা করে দেখা গেছে, এই মৌজায় খতিয়ানের সঙ্গে কাগজ, দাপ্তরিক সিলমোহর, ক্রমিক নম্বর ও লেখার স্থানের মধ্যে পার্থক্য রয়েছে। দেখা গেছে, খতিয়ানের ওয়ার্কিং ভলিউমও প্রতারণার মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে। ভলিউম পরীক্ষা করে দেখা গেছে, এই খতিয়ানে কর্মকর্তার স্বাক্ষর ও লেখার পার্থক্য রয়েছে। বড় ভবানীপুর মৌজা: বড় ভবানীপুর মৌজার খতিয়ান ও রেকর্ডপত্র পরীক্ষা করা হয়েছে। খতিয়ানের জমি এসএ রেকর্ডে ব্যক্তিমালিকানায় রেকর্ড আছে। পরীক্ষা করে দেখা গেছে, এসএ রেকর্ড মালিক ও আরএস রেকর্ডের মালিকের মধ্যে ভিন্নতা থাকলেও মালিকানা পরিবর্তনের কোনো উল্লেখ ‘ওয়ার্কিং ভলিউম’-এ নেই। এতে খতিয়ানে জালিয়াতি ও প্রতারণার নজির স্পষ্ট। কৌচাকুড়ী মৌজা: এই মৌজার রেকর্ডপত্র পরীক্ষা করে দেখা যায়, খতিয়ানগুলোর জমি এসএ রেকর্ডে ব্যক্তিমালিকানায় রেকর্ড আছে। এ ক্ষেত্রে এসএ রেকর্ড মালিক ও আরএস রেকর্ড মালিকের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হলেও মালিকানা পরিবর্তনের কোনো উল্লেখ ওয়ার্কিং ভলিউমে নেই।