গাজীপুরে ৫টি কারাগারে অতিরিক্ত সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার আশকোনায় র্যাবের ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলার পর গাজীপুরের পাঁচটি কারাগারে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। গতকাল শনিবার দর্শনার্থীরা কড়া নজরদারির মধ্যে কারাগারে প্রবেশ করেন।
কারাগারগুলো হলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার, কেন্দ্রীয় মহিলা কারাগার এবং গাজীপুর জেলা কারাগার।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা এমনিতেই সতর্ক আছি। তারপরও সতর্কতা বাড়ানো হয়েছে। এ কারাগারে দুই শতাধিক জঙ্গি, ছয় শতাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিসহ দেড় হাজারের বেশি বন্দী রয়েছেন।’
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, কারা কর্তৃপক্ষের নির্দেশে কারাগারে অতিরক্ত সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে আরপি গেটে তল্লাশি জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি, ফোর্সের সংখ্যা বাড়ানো, দুর্ধর্ষ বন্দীদের দিকে অতিরিক্ত নজরদারি, দর্শনার্থীদের তল্লাশি, নিয়মিত পরিদর্শন আরও বাড়ানো হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাখা হয়েছে সবাইকে।
গাজীপুর জেলা শহরে অবস্থিত জেলা কারাগারের জেলার মো. ফোরকান ওয়াহিদ বলেন, ‘এই কারাগারে বন্দীর সংখ্যা এক হাজারের ওপর। তবে এখানে কোনো জঙ্গি বা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নেই। আমরা এমনিতেই সতর্ক থাকি, তারপরও কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতা বাড়ানো হয়েছে।’
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারেও অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতা রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুলাইমান সাংবাদিকদের জানান, আশকোনায় আত্মঘাতী বোমা হামলার পর গাজীপুরে পুলিশ সতর্ক রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি বাড়ানো হয়েছে।