গাজীপুরে ৬ দিনব্যাপী সপ্তদশ রোভার মুট শুরু হচ্ছে কাল
‘আলোকিত জীবনের জন্য রোভারিং’ স্লোগান নিয়ে গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার রোভার পল্লিতে কাল সোমবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী সপ্তদশ রোভার মুট।গতকাল শনিবার গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রোভারের কমিশনার অধ্যাপক এম এ বারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সহসভাপতি অধ্যাপক গাজী আকবর হোসেন, নির্মল কান্তি মিত্র, আবদুর রহমান প্রমুখ।রোভার কর্মকর্তারা বলেন, সর্বশেষ রোভার মুট হয়েছিল ২০০৪ সালে। স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত এবারের রোভার মুট উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২৬ ডিসেম্বরে শুরু হয়ে রোভার মুট চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর হবে মহাজলসা তাঁবু। এতে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঁচ হাজার রোভার জ্ঞান ও মেধাচর্চা, ব্যক্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে বলে কর্মকর্তারা মনে করেন।