গাজীপুরে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় একটি পোশাক তৈরির প্রতিষ্ঠানের বস্তাভর্তি ৬০ লাখ টাকা ছিনতাই করতে গিয়ে ইউসুফ আলী (৩০) ও নুরুল ইসলাম (২৫) নামের দুই ব্যক্তি ধরা পড়েছেন। গতকাল বৃহস্পতিবার কাশিমপুর ইউনিয়নের জিরানি এলাকায় কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোশাক তৈরির প্রতিষ্ঠান কিং বাউনি লিমিটেডের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সাভার কার্যালয় থেকে শ্রমিকদের বেতনের ৬০ লাখ টাকা নিয়ে দক্ষিণ পানশাইলে অবস্থিত কারখানায় যাচ্ছিলেন। টাকাগুলো বস্তায় ভরা ছিল। সকাল ১০টার দিকে জিরানীবাজার এলাকায় পৌঁছালে ১০-১২ জন ছিনতাইকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে তাঁদের গতিরোধ করে। মাইক্রোবাসের ভেতরে থাকা লোকজন গাড়ির দরজা না খোলায় ছিনতাইকারীরা গাড়ির কাচ ভেঙে টাকার বস্তা বের করার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তা সানোয়ার হোসেন (৩৫), মার্চেন্ডাইজার বাদল হোসেন (৩৩), গাড়িচালক আবদুল মালেক (৩৫), কমপ্লায়েন্স ম্যানেজার সালেমুল গাউস (৩৫) ও কমপ্লায়েন্স কাউন্সিলর জাহিদ হোসেনকে (৩৮) মারধর করতে থাকে। জনতা ও পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীরা টাকার বস্তা ফেলে পালাতে থাকে। এ সময় ছিনতাইকারী ইউসুফের পায়ে গুলি লাগলে সে পড়ে যায়। আর নুরুল ইসলামকে জনতা ধরে ফেলে। বাকি ছিনতাইকারীরা একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী গুলিবিদ্ধ ইউসুফ ও নুরুল ইসলামকে পিটুনি দেয়। ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহূত মোটরসাইকেল ও প্রাইভেট কার ছাড়াও তিনটি গুলি ভরা একটি রিভলবার ও দুইটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ ইউসুফকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন জয়দেবপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা ও পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করেছে।জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারী দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।