গাজীপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ চারজন গ্রেপ্তার
গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার (বটতলা) রোড এলাকা থেকে গত সোমবার রাতে ৬০০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মর্জিনা বেগম (৩০), রুবেল ওরফে মানিক (১৯), আক্তারুল ইসলাম (২০) তহশীলান হক ওরফে মানিক (৩৫)।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মর্জিনা ও তাঁর স্বামী মিজান অনেক দিন ধরেই স্থানীয় মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে র্যাব-১-এর সদস্যদের সহযোগিতায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিজের ঘর থেকে মর্জিনাকে আটক এবং ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁর সঙ্গে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অন্যদেরও গ্রেপ্তার করা হয়।গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।