গাজীপুরে ৮০০ পাখিসহ আটক দুজনের কারাদণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়ার রিয়াজনগর এলাকা থেকে গতকাল বুধবার ৮০০ মুনিয়া ও টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নজরুল ইসলাম (৩৮) ও লাল মিয়া (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটির আউটপাড়ার রিয়াজনগর এলাকায় গতকাল বুধবার ভোরে অভিযান চালানো হয়। বন বিভাগের কর্মকর্তারা ওই অভিযানে পাখিগুলো জব্দ করেন। এ সময় দুজনকে আটক করা হয়। পাখিগুলোর মধ্যে মুনিয়া ৪২০টি ও টিয়া ৩৮০টি। বিদেশে পাচার করার জন্য পাখিগুলো রাজশাহী থেকে ধরে আনা হয়েছিল। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
বন সংরক্ষক (বন্য প্রাণী) তপন কুমার দে বলেন, পাখিগুলো ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হবে।