গাজীপুরে ‘নক্ষত্রবাড়ি’ রিসোর্টের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় অভিনয়শিল্পী তৌকীর আহমেদের ব্যবস্থাপনায় ‘নক্ষত্রবাড়ি’ রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। এ সময় বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, অভিনেতা আবুল হায়াত, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে গতকাল সকাল থেকে রিসোর্টে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে শিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, মনিরুল ইসলাম, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ ও শিশির ভট্টাচার্য্যের আঁকা ছবি রয়েছে। বিকেলে রিসোর্টের সুইমিংপুলের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নক্ষত্রবাড়ি কর্তৃপক্ষ সূত্র জানায়, রাজাবাড়ি এলাকার আট বিঘা জমির ওপরে ঝরনা, সুইমিংপুল, কনফারেন্স সেন্টার, পুকুরের ওপর নির্মিত থাকার ঘরসহ সব ধরনের সুবিধা রয়েছে। সারা বছরই পিকনিক, শুটিং ও রাতে থাকার মতো সব ব্যবস্থা রয়েছে। নক্ষত্রবাড়ির ব্যবস্থাপক তৌকীর আহমেদ প্রথম আলোকে বলেন, এখানে আগে থেকেই শুটিং চলত। এখন থেকে এটাকে রিসোর্ট ও কনফারেন্স সেন্টার হিসেবে চালু করা হয়েছে।