গাজীপুরেও বিক্ষোভরত শ্রমিকদের লাঠিপেটা, আহত ৩৫
বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় আজ সোমবার সকালে স্টাইলো ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এতে তিন পুলিশসহ ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন।
সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকেরা।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, স্টাইলো ফ্যাশন লিমিটেডের সাড়ে তিন হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাঁদের চার থেকে পাঁচবার সময় পরিবর্তন করে জুলাই মাসের বেতন ও ঈদ উত্সব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কারখানায় আগামীকাল মঙ্গলবার ছুটির ঘোষণা দেওয়ার কথা। কিন্তু আজও তাঁদের বেতন ও বোনাস দেওয়া হয়নি। বারবার প্রতিশ্রুতির পরও মজুরির টাকা না পেয়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তেজিত শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে ইটপাটকেল ছুড়ে কারখানার কাচ ভাঙচুর করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় গাজীপুর শিল্পাঞ্চল ও হাইওয়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা হয়েছে। বিকেলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা জানালে তাঁরা শান্ত হন।
কারখানার শ্রমিকদের অভিযোগ, পুলিশ আশপাশের এলাকার বাড়িতেও হামলা চালিয়েছে।
তবে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান জানান, পুলিশের ধাওয়া খেয়ে অনেক শ্রমিক বিভিন্ন বাড়িতে ঢুকে পড়েছিলেন। তবে কোনো বাড়িতে পুলিশ হামলা করেনি।
সাভারেও আজ সকালে বকেয়া বেতন-বোনাস ও ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের লাঠিপেটা করে পুলিশ। এতে ২৫ জন শ্রমিক আহত হন।