গাজীপুরেও সরকারকে 'না' বলেছে জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশনের পর গাজীপুরের জনগণও সরকারকে ‘না’ বলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশনে পরাজয়ের পর ন্যূনতম আত্মসম্মানবোধ থাকলে সরকারের উচিত হবে পদত্যাগ করা। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছিল, সেসব অভিযোগ সত্য ছিল বলে আবারও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সরকারি দল কেন্দ্র দখল, কেন্দ্র নিয়ন্ত্রণে নেওয়াসহ নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল। কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের মুখে তারা সফল হয়নি। কারচুপির চেষ্টা না হলে জয়ের ব্যবধান আরও বেশি হতো বলে তিনি দাবি করেন।
গাজীপুরের নির্বাচনের এ রায়কে সারা দেশের মানুষের রায়ের প্রতিফলন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।