গাজীপুরের অপহূত ব্যবসায়ী শেরপুরে উদ্ধার

গাজীপুরের অপহূত ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে সুমনকে শেরপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের সদস্যরা শেরপুর সদরের মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের প্রধান সঞ্জিত কুমার রায় সাইফুল ইসলামকে উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত একটার দিকে অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডের সদ্যরা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে সাইফুলকে উদ্ধার করেন। তবে অপহরণকারীরা পালিয়ে গেছেন।
আজ সকালে সাইফুল ইসলামকে গাজীপুর নিয়ে আসা হয়েছে। তিনি এখন গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সদর উপজেলার মালেকের বাড়ি এলাকা থেকে অপহূত হন সাইফুল ইসলাম।
সাইফুল ইসলামের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রায় ১০-১১ বছর ধরে মালেকের বাড়ির পুকুরপাড় এলাকায় বসবাস করে আসছেন। পাশেই একটি মুদি দোকান করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ছোট ভাই মিজানকে দোকানে রেখে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। অনেক রাতেও তিনি বাড়িতে না পৌঁছানোয় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সাইফুলকে মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০টার দিকে অপহরণকারীরা সাইফুলের মোবাইল ফোন থেকে তাঁর ছোট ভাইকে ফোন করে বলে সুমনকে অপহরণ করার কথা জানায়। দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না দিলে সাইফুলকে মেরে ফেলা হবে বলে তারা হুমকি দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মিজান জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগটি গাজীপুর অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াডে জানানো হলে দুজন উপপরিদর সাইফুল ইসলামকে উদ্ধারে অভিযান শুরু করেন।