গাজীপুরের অপহূত স্কুলছাত্র উদ্ধার গ্রেপ্তার দুই
গাজীপুরের কোনাবাড়িতে অপহূত স্কুলছাত্র রাকিবুল ইসলামকে (৭) পুলিশ গত বুধবার গাইবান্ধা থেকে উদ্ধার করেছে। অপহরণের সঙ্গে জড়িত থাকায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন শাহজাহান মিয়া (২৮) ও আবদুল লতিফ (৩০)।গাজীপুরের পুলিশ সুপার মাহফুজুল হক নুরুজ্জামান জানান, একই বাড়িতে ভাড়াটিয়া সেজে বসবাসকারী শাহজাহান মিয়া ও লতিফ স্কুলছাত্র রাকিবুলকে ৮ জুন অপহরণ করে নিয়ে যান। পরে তাঁরা মুক্তিপণ হিসেবে রাকিবুলের বাবা বোরহান উদ্দিনের কাছে ফোনে ২০ লাখ টাকা দাবি করেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক মোবারক হোসেন জানান, তাঁরা মুঠোফোনের কললিস্ট থেকে জানতে পারেন, অপহরণকারীরা গাইবান্ধায় অবস্থান করছেন। এদিকে পুলিশের পরামর্শে অপহূতের পরিবার দুই লাখ টাকা দেওয়ার ফাঁদ পাতে। পরে পুলিশ অপহূতের বাবা-মাসহ গত বুধবার রাতে গাইবান্ধায় যান। কিন্তু অপহরণকারীরা মুঠোফোনে বারবার স্থান পরিবর্তন করতে থাকে। পরে কৌশলে প্রথমে শাহজাহান মিয়া পরে লতিফকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে পরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর গ্রামের মুকুলের বাড়ি থেকে রাকিবুলকে উদ্ধার করা হয়।