গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার ঈদের ছুটি ও বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। পরে দাবিদাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের সমঝোতা হলে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। সূত্র জানায়, ইন্ট্রামেক্স লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকেরা গতকাল সকালে প্রথমে ঈদের ছুটি ছয় দিনের স্থলে ১০ দিন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। পরে তাঁরা ঈদের ছুটির আগে আগস্ট মাসের ১০ দিনের বেতনসহ জুলাই মাসের বকেয়া বেতন প্রদান ও বোনাস বৃদ্ধিসহ ১০ দফা দাবি জানান। কারখানার সিকিউরিটি ইনচার্জ জিল্লুর রহমান জানান, যাঁদের চাকরির বয়স এক বছরের কম তাঁদের বোনাস ৮০০ টাকার স্থলে এক হাজার টাকা এবং যাঁদের চাকরির বয়স এক বছরের ওপর তাঁদের বোনাস এক হাজার টাকার স্থলে এক হাজার ২০০ টাকা করায় এবং ঈদের আগে আগস্ট মাসের ১০ দিনের বেতনসহ জুলাই মাসের বেতন প্রদান ও বাকি দাবি পরবর্তী সময়ে বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।