গাজীপুরের তিনটি কারখানাকে ৭৩ লাখ টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার গাজীপুরের তিনটি ডাইং ও ওয়াশিং কারখানার মালিক ও প্রতিনিধিদের নিয়ে শুনানি হয়। পরে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য তিন কারখানাকে ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি বন্ধ রেখে বাইপাসের মাধ্যমে তরল বর্জ্য পরিশোধন ছাড়াই পাশের নদীতে ফেলা হচ্ছে। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে গাজীপুর সদর উপজেলার জিরানী বাজার এলাকায় আর কে নিট ডাইং মিলস লিমিটেডকে ৪০ লাখ টাকা, ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করার অপরাধে একই এলাকার আহসান কম্পোজিট লিমিটেডকে ৩০ লাখ টাকা, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় ফার ইস্ট ডাইং ইন্ডাস্ট্রি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবশে অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।