গাজীপুরের দুটি স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ
গাজীপুর সদর উপজেলার দুটি স্থানে গতকাল বৃহস্পতিবার পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। এর মধ্যে কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের গুজবে অন্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার কর্মকর্তার খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কোনাবাড়ীর এনটিকেসি কারখানার সামনের এলাকায় গতকাল বেলা পৌনে ১২টার দিকে একটি লেগুনা এক নারী শ্রমিককে চাপা দেয়। এরপর লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের ওপর পড়ে যায়। এতে ওই লেগুনার কমপক্ষে ১০ যাত্রী আহত হন। ওই সময় স্থানীয় শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই খবরে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। বেলা পৌনে একটার দিকে ওই সড়কে ফের যান চলাচল শুরু হয়।
দক্ষিণ সালনার বেস্টওয়্যার নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, কারখানার নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন দক্ষিণ সালনা টেক কাথোরা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ৯ এপ্রিল গভীর রাতে ওই বাসায় তাঁকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জয়দেবপুর থানায় হত্যা মামলা হলেও আজ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কারখানার কয়েক শ শ্রমিক গতকাল সকাল পৌনে নয়টার দিকে কর্মবিরতি, বিক্ষোভ ও পাশের মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশ এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি শান্ত হয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।