গাজীপুরের নিখোঁজ কাউন্সিলর হবিগঞ্জ থেকে উদ্ধার
গাজীপুর থেকে সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নিখোঁজ কাউন্সিলর পারভীন আক্তারকে হবিগঞ্জের নবীগঞ্জ থানার আউচকান্দি এলাকা থেকে গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে নবীগঞ্জ থানার পুলিশি হেফাজতে রয়েছেন।
নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ এ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম বলেন, পারভীন এখন নবীগঞ্জ থানার পুলিশের হেফাজতে রয়েছেন। পারভীনের সঙ্গে তাঁর এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কথা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পারভীন আক্তার গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকালে সদর উপজেলার জিরানী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে সড়ক অবরোধ এবং বিক্ষোভ ও মানববন্ধন করেন।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে পারভীন আক্তার পানিশাইল এলাকার বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় রাত নয়টার দিকে তাঁর স্বামী মিনহাজ উদ্দিন জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল সকালে তাঁর বাড়িতে জড়ো হন শত শত এলাকাবাসী। পরে তাঁরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে। পুলিশ তাঁদের জানায়, পারভীন আক্তারকে উদ্ধার করতে পুলিশ সব ধরনের চেষ্টা করছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেন এলাকাবাসী। পরে তাঁরা কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভীনকে উদ্ধারের দাবি জানানো হয়।
কাউন্সিলর পারভীন নিখোঁজ হওয়ার খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান গতকাল বিকেলে পানিশাইল এলাকায় তাঁর বাসায় যান। সেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁকে দ্রুত উদ্ধারের দাবি জানান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গাজীপুর থেকে পুলিশের একটি দল হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।