গাজীপুরের বরখাস্ত মেয়র মান্নান হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে গতকাল বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার দুটি নাশকতার মামলায় আদালত তাঁর তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।
কারাগারের সুপার সুব্রত কুমার বণিক জানান, বেলা সাড়ে ১১টার দিকে মান্নানকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর থেকে ওই হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। তাঁকে গত বুধবারই হাসপাতালে পাঠানোর সব ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওই দিন ঢাকায় যাওয়ার পুলিশ না পাওয়ায় তাঁকে কারাগারে ফেরত নেওয়া হয়।
এ ব্যাপারে কাশিমপুর কারা হাসপাতালের চিকিৎসক মো. মিজানুর রহমান বলেন, এম এ মান্নানকে উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।