‘আমার নাতিরে সিলেট মাজারে নিয়ে গেল সুস্থ হইতে আর ফিরা আইল না। মেয়া-নাতিরা সবাই চইলা গেল। আমি এখন কারে নিয়ে বাঁচুম। আমার যে আর কেউ রইল না।’ পরিবারের সবাইকে হারিয়ে এভাবেই বিলাপ করছেন পরিবারে একমাত্র জীবিত থাকা বৃদ্ধ শুকিয়া বেগম (৬০)। সড়ক দুর্ঘটনায় তাঁর একমাত্র মেয়েসহ পরিবারের সবাইকে হারিয়ে তিনি এখন পাগলপ্রায়।গত বুধবার সকালে সিলেটের হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের একই পরিবারের ছয়টি লাশ গতকাল বৃহস্পতিবার ভোরে নিয়ে আসা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টায় নিহত ব্যক্তিদের জানাজা শেষে বাড়ির পাশে একই স্থানে পাশাপাশি ছয়টি কবর দেওয়া হয়। ভীম বাজারের শতাধিক দোকানপাট সকাল থেকেই বন্ধ থাকে। স্থানীয় ব্যবসায়ী ইমন আহাম্মেদ জানান, একসঙ্গে একই বাড়ির ছয়টি মানুষ চলে যাওয়ায় পুরো গ্রামেই শোক নেমে এসেছে।