গাজীপুরের ভোগড়া এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম শুরুর আগেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বাসন ইউনিয়নের ভোগড়া এলাকাটি ভারী শিল্পকারখানার জন্য সুপরিচিত।এলাকাবাসী জানান, গত বুধ ও বৃহস্পতিবার—দুই দিনের টানা বৃষ্টিতে বেশির ভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এ ছাড়া পানি ঢোকে অনেক বাড়িতে। তবে শুক্র ও শনিবার বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পানি সরে যেতে শুরু করে। কিন্তু গতকাল রোববার সন্ধ্যায় আবারও এক ঘণ্টার টানা বর্ষণে ভোগড়ার বেশির ভাগ রাস্তা হাঁটুপানিতে তলিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, পানি সরে যাওয়ার প্রবেশপথগুলো বন্ধ করে কলকারখানা, বাজার ও ঘরবাড়ি নির্মাণ করায় বর্ষার আগেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে।এলাকাবাসী জানায়, গাজীপুর সদর উপজেলার আউটপাড়া, দীঘিরচালা, নাওজোরসহ আশপাশের এলাকার পয়োবর্জ্য ও বৃষ্টির পানি ভোগড়ার মোগরখালে গিয়ে পড়ত। কিন্তু মোগরখালের প্রবেশমুখ বন্ধ করে গত কয়েক বছরে অপরিকল্পিত বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। ভোগড়ার প্যাগাসাস সু কারখানার দক্ষিণ-পশ্চিম পাশে স্থানীয় বাসিন্দা মো. খালেকুজ্জামানের বাড়ি। গত শুক্রবার তাঁর বাড়ি গিয়ে দেখা গেছে, উঠানটি পানিতে তলিয়ে গেছে। রাজহাঁস সাঁতার কাটছে। প্যাগাসাস কারখানার পশ্চিম পাশের রাস্তা, স্থানীয় বাইপাস সড়কসংলগ্ন সিফাত স্কুলের রাস্তা, ভোগড়া বাজারে যাওয়ার রাস্তাসহ আশপাশের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।ভোগড়া পূর্বপাড়ার মো. মোসলেম উদ্দিন ও মা. শাহজাহান মিয়া জানান, শিল্প ও বাড়ির মালিকেরা পানি গড়ানোর কোনো পথ না রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাসন ইউনিয়ন পরিষদের (বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন) সাবেক সদস্য আবদুস সালাম প্রথম আলোকে বলেন, এসব সমস্যার ব্যাপারে স্থানীয় সাংসদকে বিভিন্ন সময়ে অবগত করা হলেও তিনি সমাধানের আশ্বাস দিয়েই তিন বছর পার করেছেন। বাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল সরকার প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন হওয়ার কারণে চার মাস আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। দায়িত্বে থাকাকালীন সময়ে ওই এলাকায় কিছু পাইপ স্থাপন করে পানি সরানোর ব্যবস্থা করেছিলাম।’