গাজীপুরের মন্দিরে হামলার ঘটনায় হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৬ মের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশে আদালত ওই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপনের নির্দেশ দেন। এ ছাড়া জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দেন।
প্রথম আলোসহ কয়েকটি জাতীয় দৈনিকে গতকাল গাজীপুরের বনগ্রামে মন্দিরের প্রতিমা ভাঙচুর ও লুটপাট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, গত রোববার রাতে বনগ্রাম এলাকায় শ্রীশ্রী সুধন্য কৃপাময়ী কালীমন্দির ও আশপাশের কয়েকটি বাড়িতে সন্ত্রাসীরা এ হামলা করে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হন। এসব প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। পরে এগুলো আমলে নিয়ে আদালত রুল দেন।