গাজীপুরের মান্নানের মুক্তিতে বাধা নেই

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গাজীপুরের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানের জামিন বহাল আছে। মান্নানকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এতে মান্নানের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানান তাঁর আইনজীবী আবু হানিফ।
এর আগে ১৭ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুদকের মামলায় মেয়র মান্নানকে জামিন দিয়েছিলেন। এই জামিনের বিরুদ্ধে দুদক আবেদন করে। আজ এই আবেদনের ওপর শুনানি হয়। আদালতে মান্নানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আবু হানিফ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী আবু হানিফ প্রথম আলোকে বলেন, গত ১৫ এপ্রিল থেকে মেয়র মান্নান কারাগারে আছেন। দুদকের করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রেখেছেন। এটিসহ তাঁর বিরুদ্ধে করা ২৬টি মামলায় তিনি জামিন পেলেন।