গাজীপুরের মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তাঁর করা এক প্রাথমিক রিটের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে মেয়র পদে মান্নানের ফিরতে ও দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবু হানিফ।

আদালতে মান্নানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মো. আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এমএ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় ২০১৫ সালের ১৯ আগস্ট প্রথম দফায় তাঁকে বরখাস্ত করা হয়। মন্ত্রণালয়ের এ বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মেয়র মান্নান। এ রিটের শুনানি শেষে প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। বিষয়টি পরে আপিল বিভাগে গেলে সেখানেও এ আদেশ বহাল থাকে।

অন্যদিকে ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় গেল বছরের ১৮ এপ্রিল তাঁকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে চলতি মাসের ৬ তারিখ রিট করেন মেয়র মান্নান। শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন। রুলে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৬ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।