গাজীপুরের মেয়র মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে মান্নান মেয়র পদে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। একই সঙ্গে মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন। স্থানীয় সরকার সচিবসহ বিবাদীদের চার সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মো. আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
গাজীপুরের জয়দেবপুর থানার একটি মামলায় মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে এবং আদালত তা গ্রহণ করলে গত বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। স্থানীয় সরকার বিভাগের ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদনটি করেন এম এ মান্নান।
গত বছরের ১১ ফেব্রুয়ারি মান্নানকে তাঁর রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে ১৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সবগুলো মামলায় জামিন নিয়ে গত ২ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।