গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত গ্রহণ করেছেন। আদালত আগামী ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, গত বছরের ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রোবাস ও একটি লেগুনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক এম এ ফরিদ বাদী হয়ে এম এ মান্নান, ফজলুল হক মিলনসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং বিএনপির অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্তের পর এম এ মান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ ৪৩ জনের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম ফারজানা খান অভিযোগপত্রটি গ্রহণ করে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মেয়র মান্নান এ মামলাসহ তিনটি মামলায় জামিনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় মোট সাতটি মামলা রয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।