গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে আবারও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি মামলা করা হয়েছে। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সামছুল আলম জয়দেবপুর থানায় মামলাটি করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩০টি। তিনি ২৯টি মামলায় জামিনে ছিলেন।

মামলার বাদী দুদকের উপপরিচালক মো. সামছুল আলম বলেন, এটি হলো দুদকের পক্ষ থেকে মেয়র মান্নানের বিরুদ্ধে দ্বিতীয় মামলা। দুদকের প্রথম মামলাটি ছিল দুস্থ মানুষের ত্রাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা। ওই মামলাটিরও বাদী ছিলেন তিনি। সম্প্রতি আদালতে ওই মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ ব্যয়ের সুস্পষ্ট শর্ত লঙ্ঘন করে বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ব্যতীত অন্য খাতে ৭ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা ব্যয় ও অনুদান প্রদানের অভিযোগে দায়ের করা হয়েছে দ্বিতীয় মামলাটি।
মামলার বিবরণে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকার সময় ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সময়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ নয় কোটি টাকা গাজীপুর সিটি করপোরেশনকে বরাদ্দ দেয়। এ বরাদ্দের শর্ত ছিল, বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য কোনো খাতে অর্থ ব্যয় করা যাবে না।
মামলায় উল্লেখ করা হয়, বরাদ্দ অর্থ ব্যয়ের সুস্পষ্ট শর্ত লঙ্ঘন করে বাজেটভুক্ত নির্দিষ্ট উন্নয়ন প্রকল্প বাদ দিয়ে অন্য খাতে ব্যয় এবং অনুদান বাবদ ব্যয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন গ্রহণ করা হয়নি। এর মাধ্যমে মেয়র ক্ষমতার অপব্যবহার করেছেন।
এম এ মান্নানের আইনজীবী ও গাজীপুর বারের সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ জানান, মেয়র মান্নান যাতে আর ক্ষমতায় ফিরে যেতে না পারেন, তার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, একের পর এক মামলা করা হচ্ছে। মেয়র মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে।