গাজীপুরের মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকালে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলাটি (মামলা নম্বর ৫৬) করেন সংস্থার উপপরিচালক মো. সামছুল আলম।
এম এ মান্নান ছাড়াও সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকে মামলায় আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সিটি করপোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মেয়র ও হিসাবরক্ষণ কর্মকর্তা ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত পরস্পর যোগসাজশে সিটি করপোরেশনের দরিদ্র ও ত্রাণ তহবিল থেকে ৯৯৯টি ভুয়া ভাউচারের মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করেন।
এম এ মান্নান বর্তমানে কারাগারে আছেন। গত ১৮ এপ্রিল তাঁকে মেয়র পদ থেকে দ্বিতীয়বারের মতো সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।