গাজীপুরের সম্মেলন বন্ধের বিচার দাবি আহমদিয়া জামাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রোভার স্কাউট কেন্দ্রে বার্ষিক সম্মেলন করতে না দেওয়ার ঘটনার বিচার দাবি করেছে আহমদিয়া মুসলিম জামাত। তাঁরা বলেছে, আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। দেশের বিশিষ্টজনেরাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনের সম্মেলন শেষে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে আহমদিয়া মুসলিম জামাতের নায়েবে ন্যাশনাল আমির মীর মোবাশ্বের আলী বলেন, ‘আমরা নির্ধারিত সময়ে আবেদন করেছি। প্রশাসন আমাদের অনুমতিও দিয়েছে। স্থানীয় জনগণ আমাদের সহায়তা করেছে। নির্ধারিত দিনে ৬ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক লোকও সম্মেলনে যোগ দিতে চলে আসেন। কিন্তু কেন, কী কারণে, কাদের হুমকির কারণে, প্রশাসন আমাদের জলসা বন্ধ করে দিল তার বিচার হওয়া দরকার।’সংবাদ সম্মেলনে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, কয়েকজন জামায়াত কর্মীর হুমকিতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে এই সম্মেলন বন্ধ করায় আমি চরম মর্মাহত ও হতবাক হয়েছি। অসাম্প্রদায়িক আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনা খুবই লজ্জার। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জামায়াত নানাভাবে আহমদিয়াদের ওপর নির্যাতন করেছে। মানবাধিকারকর্মী রেহান সোবহান বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের একটি শক্তি ক্ষমতায়। সবাই আশা করেছিল, জামায়াতের উৎপাত বন্ধ হবে। কিন্তু মৌলবাদী গোষ্ঠীর স্বার্থরক্ষায় গাজীপুরের জেলা প্রশাসন যা করল, সেটি লজ্জাজনক। এই ঘটনার তদন্ত হওয়া উচিত।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অহমদিয়া জামায়াতের নির্বাহী কমিটির সদস্য আহমদ তফসির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান, আবদুল আউয়াল খান, যুক্তরাষ্ট্র থেকে আগত রহমান আবদুল আলিম, সিরিয়ার মনির ইদিলানি ও পাকিস্তানের মুজিবুর রহমান। এই সম্মেলন বন্ধ করার কারণ হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার গতকাল বিবিসিকে বলেছেন, স্থানীয় শান্তিশৃঙ্খলার কথা ভেবেই এই সম্মেলন বন্ধ করা হয়েছে। তিনি বলেন, সম্মেলনের আগের দিন মাদ্রাসার অনেক শিক্ষকসহ অনেকেই এসে এর বিরোধিতা করেন। তাঁরা বলেন, এখানে এই কর্মসূচি হলে অনেক বিশৃঙ্খলা হবে। জনগণের জানমালের কথা চিন্তা করেই সম্মেলন করতে দেওয়া হয়নি। মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ব্যারিস্টার সারা হোসেন, শরীফ কাফীসহ অনেকেই সম্মেলন বন্ধ করে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন।