গাজীপুরের সাবেক ডিসিকে কারাদণ্ড দিলেন হাইকোর্ট
আদালতের আদেশ অমান্য করায় গাজীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ মিজানুর রহমানকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা আদেশ অমান্য করায় তাঁকেসহ চারজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে অপর চারজনকে।
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ড পাওয়া চারজনের মধ্যে ভাওয়াল রাজকোর্ট অব ওয়ার্ডসের সাবেক ব্যবস্থাপক আবদুর রউফকে ১৫ দিনের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং ভাওয়াল রাজকোর্ট অব ওয়ার্ডসের সহকারী ব্যবস্থাপক সাব্বির হোসেনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া গাজীপুরের তত্কালীন পুলিশ সুপার (এসপি) আলমগীর আলম, জয়দেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, গাজীপুরের তত্কালীন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজালাল ও আনসার অ্যাডজুডেন্ট পবিত্র কুমার সাহাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আইনজীবী সূত্র জানায়, ২০০৮ সালের ৬ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা আবুল কালাম ওরফে কলিউল্লাহ নিজ বাড়ি থেকে উচ্ছেদের শঙ্কায় যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করলে তা খারিজ হয়। পরে উচ্ছেদের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৮ সালের ৩ মার্চ উচ্ছেদ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন। এই আদেশ উপেক্ষা করে ওই বছরের ৩ ও ৫ মার্চ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আইনজীবীরা জানান, এ অবস্থায় ২০০৮ সালের ১৬ মার্চ কলিউল্লাহ দুটি প্রতিষ্ঠান ও আটজনকে বিবাদী করে আদেশ অমান্য করার অভিযোগে হাইকোর্টে একটি আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খলিলুর রহমান। গাজীপুরের সাবেক এসপি ও ওসির পক্ষের ছিলেন আইনজীবী ওমর সাদাত। সৈয়দ মিজানুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল হক। আর শাহজালালের পক্ষে ছিলেন আইনজীবী আবুল কালাম আজাদ।
রায়ের বিষয়টি জানিয়ে আইনজীবী খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ৩(২) বিধি অনুসারে আদালত নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে বিচারে দোষী প্রমাণিত কাউকে আদালত ছয় মাস জেল ও জরিমানার আদেশ দিতে পারেন। নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করায় আদালত সৈয়দ মিজানুর রহমানসহ চারজনকে দণ্ড দিয়েছেন। ক্ষমা প্রার্থনা করায় অন্যদের অব্যাহতি দেওয়া হয়েছে। বাদীকে ইতিমধ্যে বাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে।
দুই পুলিশ কর্মকর্তার আইনজীবী ওমর সাদাত প্রথম আলোকে বলেন, আদালত মামলা চলমান থাকায় তাঁরা উচ্ছেদ কার্যক্রমে অংশ নেননি বরং বাধার সৃষ্টি করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের অব্যাহতি দিয়েছেন।
শাহজালালের আইনজীবী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ওই উচ্ছেদ কার্যক্রমের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল। আদেশের বিষয়ে আইনজীবী সনদ দেখানো হলেও বিবাদীরা তা অমান্য করে উচ্ছেদ অভিযান চালান। তাই আদালতের নিষেধাজ্ঞার আদেশ অবমাননার অভিযোগে মামলাটি করা হয়। ক্ষমা প্রার্থনা করায় আদালত শাহজালালকে অব্যাহতি দিয়েছেন।