গাজীপুরের সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ভূমি কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ভবানীপুর এলাকায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি ব্যক্তিমালিকানায় খারিজ করায় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বদলি ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই কর্মকর্তা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মিজানুর রহমান কাশিমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে দীর্ঘদিন ধরে ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের কাশিমপুর ভূমি কার্যালয়ের ২০১৩-১৪ সালের হিসাব নিরীক্ষা করে দেখা গেছে, বড় ভবানীপুর মৌজার এসএ রেকর্ডে ১৬ আনা এক নম্বর খাস খতিয়ানের এবং বনের গেজেটভুক্ত চালা শ্রেণির ২২ দশমিক ৫০ একর বা ৬৭ দশমিক ১৭ বিঘা জমি ব্যক্তিমালিকানায় নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায় করায় স্থানীয় বাজারমূল্যে প্রায় ৫০ কোটি টাকা দামের সরকারি সম্পত্তি বেহাত হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা বলেন, মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।