গাজীপুরের ১৫টি স্থানে সড়ক দুর্ঘটনা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে। ওই সব স্থানে সতর্কতামূলক নির্দেশনাও স্পষ্ট নয়।

গতকাল মঙ্গলবার ‘সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ: স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের আয়োজনে দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সমেঞ্চলক কক্ষে ওই মতবিনিময় সভা হয়।

সভায় ব্র্যাকের কর্মকর্তারা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার থেকে নয়নপুর, এমসি বাসস্টেশন, তালহা স্পিনিংয়ের সামনে, রঙ্গিলা বাজার, এমসি বাজারের মধ্যস্থান, রঙ্গিলা বাসস্ট্যান্ড, বিদ্যুৎ অফিস মোড়, এমসি একতা রোড, মাওনা চৌরাস্তা, নতুন বাজার, সিঅ্যান্ডবি বাজার, আনসার রোড, গড়গড়িয়া মাস্টারবাড়ী, বাঘেরবাজার ও পুরাতন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা বেশি ঘটছে। ওই সব স্থানে সতর্ক নির্দেশনার অস্পষ্টতা রয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনার জন্য পথচারীদের অসচেতনতা রয়েছে। যানবাহনের অধিক গতি ও ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল পরিবহন, একই লেনে উচ্চগতি ও স্বল্পগতির যানবাহন চলাচল, বাসস্ট্যান্ড না থাকা, অস্পষ্ট ট্রাফিক আইন ও লেন মার্কিং, জনবহুল স্থানে জেব্রা ক্রসিংয়ের অভাবে এবং ফুটপাতের অবৈধ দখলের কারণে দুর্ঘটনা ঘটছে।

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক অপূর্ব সাহা জানান, সরকারি হিসাবমতে, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় তিন হাজারের বেশি প্রাণহানি ঘটছে। কয়েক হাজার মানুষ বরণ করছে পঙ্গুত্ব। অর্থনীতিতে সড়ক দুর্ঘটনার দৃশ্যমান ও অদৃশ্যমান ক্ষতি রয়েছে। নির্দিষ্ট ক্ষতির মধ্যে রয়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি। অনির্দিষ্ট ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে যন্ত্রণা, দুর্দশা, দুর্ভোগ ও দুর্ঘটনায় পতিত হওয়ার ঝুঁকি।

সভার প্রধান অতিথি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান বলেন, ‘আপনারা সভা-সেমিনারের পাশাপাশি গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় গিয়ে শ্রমিকদের সচেতন করুন। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিভিল সার্জন শাহ আলম শরীফ, গাজীপুর এলজিইডির নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ।