গাড়ি আমদানিতে দীর্ঘস্থায়ী শুল্ক নীতিমালার দাবি
পুরোনো গাড়ি আমদানির ক্ষেত্রে প্রতিবছর শুল্ককাঠামো পুনর্বিন্যাস না করে অন্তত তিন থেকে পাঁচ বছর মেয়াদি শুল্ক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।
পুরোনো গাড়ি বিপণনে জড়িত ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন-বারভিডার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারের কাছে এ আহ্বান জানান ব্যবসায়ীরা। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের হল-২৪ মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ এম এ লতিফ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি হাবিব উল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।
অনুষ্ঠানে গাড়ি ব্যবসায়ীরা বলেন, ৩৭ বছর আগে দেশে পুরোনো গাড়ি আমদানি শুরু হয়। বর্তমানে এই খাতটি দেশের উন্নয়নে অবদান রাখছে। অনুষ্ঠানে গণপরিবহনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য পুরোনো মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং জাপান থেকে আমদানি করা পুরোনো গাড়ির বয়সসীমা ন্যূনতম আট বছর করার দাবি জানানো হয়।