গাড়ি ও জনবলের অভাবে চালু হয়নি সাত মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি গাড়ি ও জনবলের অভাবে সাত মাসেও চালু করা সম্ভব হয়নি। কবে চালু হবে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নড়াইল গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এস এম গোলাম কাদের বলেন, ৩৩ শতাংশ জমির ওপর লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়ায় লোহাগড়া-নড়াইল সড়কের পাশে ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণ করা হয়েছে। গত ডিসেম্বরে এর কাজ শেষ হয়। প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করে ঝিনাইদহের মেসার্স লিটন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
গোলাম কাদের আরও বলেন, ছয় মাস আগে কাজ শেষ হওয়ার পর নড়াইলের ফায়ার সার্ভিসের ইনচার্জকে বেশ কয়েকবার বলা হয়েছে নির্মিত স্টেশনটি বুঝে নিতে। কিন্তু তিনি বুঝে নিচ্ছেন না।
নড়াইল জেলার ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার মুঠোফোনে বলেন, অন্য মালামাল এসেছে। কিন্তু একটি গাড়ি ও ১৬ জন কর্মী না দেওয়ায় এটি চালু করা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলায় কোথাও অগ্নিকাণ্ড ঘটলে প্রায়ই নড়াইল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগে সব আগুনে পুড়ে যায়। এটি চালু হলে উপজেলার প্রায় তিন লাখ মানুষের উপকার হবে।
লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর প্রথম আলোকে বলেন, দীর্ঘদিনের চেষ্টা ও আন্দোলনের মাধ্যমে এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে। কিন্তু গাড়ি ও জনবলের অভাবে এটি চালু না হওয়ায় তা কোনো উপকারে আসছে না।
উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে বরাদ্দ হবে তা এখনো অনিশ্চিত। এসব বরাদ্দ হলে গণপূর্ত বিভাগ থেকে স্টেশনটি বুঝে নিয়ে চালু করা হবে।