গাড়ি চলে ধীরে ধীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা–সিলেট মহাসড়কে ওঠার জন্য বেশির ভাগ যানবাহন পুবাইল ঘোড়াশাল সড়ক ব্যবহার করে। এ সড়কের বিভিন্ন জায়গায় গর্ত থাকার ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। ছবিটি গতকাল মীরের বাজার থেকে তোলা l প্রথম আলো
ঢাকা–সিলেট মহাসড়কে ওঠার জন্য বেশির ভাগ যানবাহন পুবাইল ঘোড়াশাল সড়ক ব্যবহার করে। এ সড়কের বিভিন্ন জায়গায় গর্ত থাকার ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। ছবিটি গতকাল মীরের বাজার থেকে তোলা l প্রথম আলো

যানজট ঠেলে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার উড়ালসড়ক পার হয়ে গাড়ি এসে পড়ল পুবাইল সড়কে। সামান্য পথ যেতেই নতুন ভোগান্তি। টিঅ্যান্ডটি বাজারে প্রায় ২০ ফুট সড়ক ভাঙাচোরা। দুই পাশের গাড়িগুলোকে সেখানে এসে গতি কমাতে হচ্ছে। ফলে দুই পাশে গাড়ির সারি বেড়েই চলছে। সেখান থেকে পার হয়ে বায়তুস সালাম জামে মসজিদের কাছে সড়কের একই অবস্থা। গাড়ির গতি পুরো সড়কে সর্বোচ্চ ২০ কিলোমিটারও উঠছে না।
পাঁচ-ছয় কিলোমিটার যেতেই আরেক বিপদ। সড়কের বাঁ পাশে বড় একটি গর্ত। ফলে সড়কের এক পাশ অচল। বাঁ পাশের গাড়িগুলোকে এসে সেখানে লেন পরিবর্তন করতে হচ্ছে। এতে বিপরীত পাশ থেকে আসা গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যানজটের সারিও লম্বা হচ্ছে। টঙ্গী থেকে পুবাইল সড়ক ধরে কালিগঞ্জ ও ঘোড়াশালের মধ্য দিয়ে যাঁরা টঙ্গী-পাঁচদোনা সড়ক ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কে যেতে চাইবেন, তাঁদের এই ৪০-৪২ কিলোমিটার সড়ক পাড়ি দিতে হবে খুবই ধীরগতিতে।
দু-তিন কিলোমিটার পর পর সড়কে ভাঙা, সরু সড়ক আর অতিরিক্ত যানবাহনের কারণে পড়তে হয় ভোগান্তিতে। ঢাকা থেকে সিলেটের বিভাগের বিভিন্ন এলাকা, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ ও ভৈরবে যেতে এই সড়কটি ব্যবহৃত হয়। বিশেষ করে ঢাকার উত্তরাংশে যাঁরা থাকেন, তাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে এই সড়কে চলাচল করেন। মহাখালী থেকে সিলেটসহ অন্যান্য এলাকায় যাওয়ার জন্য বেশ কিছু বাস এই সড়কে চলাচল করে। তবে সড়কে বাস ও ব্যক্তিগত গাড়ির চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি থাকে। সিলেট ও চট্টগ্রাম থেকে ট্রাকগুলো এই সড়ক ব্যবহার করে টঙ্গী ও উত্তরাঞ্চলে যাতায়াত করে।
ঢাকা থেকে সিলেটগামী বাস এনা পরিবহনের একজন চালক আশরাফ উদ্দীন বললেন, গাজীপুর ছাড়তেই তাঁর তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। তিনি বললেন, ঘণ্টায় ১০ কিলোমিটারও যেতে পারছেন না। ভাঙাচোরা ও বড় বড় গর্ত থাকায় কিছু দূর পর পর তাঁকে থামতে হচ্ছে।
টঙ্গী থেকে মীরের বাজার পর্যন্ত অন্তত চারটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও পানি জমেছে। ফলে সড়কের বাকি অংশ ভালো হলেও এর সুফল পাচ্ছে না যাত্রীরা। মীরের বাজার চৌরাস্তার যানজট ঠেলে বের হয়ে কয়েক কিলোমিটার সড়ক বেশ ভালো। তবে গাজীপুর সদর এলাকা শেষ হয়ে কালিগঞ্জ উপজেলায় প্রবেশ করতে হবে ছোট ছোট খানাখন্দ পেরিয়ে। সামান্য পথ এলেই শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনের সড়কের প্রায় ১০০ ফুট রাস্তায় রয়েছে অনেকগুলো গর্ত। ব্যক্তিগত গাড়িগুলোকে তাই পাশ কাটিয়ে অনেক কসরত করে ওই জায়গা পার হতে হচ্ছিল। বাস ও ট্রাকের জন্যও ওই অংশটি ঝুঁকিপূর্ণ। খুব অল্প গতিতে গাড়ি চলাচলের কারণে দুই পাশেই গাড়ির সংখ্যা বাড়তে থাকে। সেখান থেকে প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা খুবই ভালো। এর পর থেকে প্রায় দেড় কিলোমিটার সড়ক খারাপ।
মীরের বাজারে দায়িত্ব পালনরত পুলিশের এক উপপরিদর্শক প্রথম আলোকে বলেন, সড়কে গাড়ির চাপ খুবই বেশি। তবে বিভিন্ন স্থানে গর্ত থাকায় এই সড়কের বিভিন্ন স্থানে যানজট লেগে যাচ্ছে। ফলে গাড়ির গতি খুবই কম থাকছে।