গাড়ি চলে হেলেদুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
1t
1t

চট্টগ্রামের বিমানবন্দর সড়ক। ভিআইপি সড়ক হিসেবেও এটি পরিচিত। এই সড়কের নিমতলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে তিন কিলোমিটার অংশই খানাখন্দে ভরা। পিচ উঠে গিয়ে উঁচু-নিচু হয়ে গেছে সড়কের অনেক অংশ। গাড়ি চলছে হেলেদুলে। অনবরত ঝাঁকুনিতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
শুধু বিমানবন্দর সড়ক নয়, নগরের গুরুত্বপূর্ণ বেশির ভাগ সড়কেরও একই হাল। টানা বৃষ্টিতে পিচ উঠে সড়কে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, নগরের ১৬৩ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে গত ২৮ জুলাই ১১১ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মুনিরুল হুদা।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মুনিরুল হুদা (পরিকল্পনা ও উন্নয়ন) প্রথম আলোকে বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের কাজ চলছে। প্রতিদিনই পাঁচ থেকে সাত কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে।
গত সোম ও মঙ্গলবার সরেজমিনে বিমানবন্দর সড়ক, বারিক িবল্ডিং সড়ক, সিডিএ অ্যাভিনিউ, জাকির হোসেন সড়ক, বায়েজিদ বোস্তামী সড়ক, মুরাদপুর-অক্সিজেন সড়ক ঘুরে দেখা যায়, খানাখন্দের কারণে ধীরগতিতে চলছে যানবাহন। এসব সড়কে যানজটও বেড়েছে। বিমানবন্দর সড়কের কাস্টমস মোড় থেকে সল্টগোলা মোড় পর্যন্ত সড়কের ভাঙা অংশে ইটের টুকরা ও বালু দিয়ে মেরামতের চেষ্টা চলছে।

বেহাল বিমানবন্দর সড়কে সমানে ওড়ে ধুলাবালু l প্রথম আলো
বেহাল বিমানবন্দর সড়কে সমানে ওড়ে ধুলাবালু l প্রথম আলো


বিমানবন্দর সড়কের সল্টগোলা মোড়ে কথা হয় আনসার সদস্য মোহাম্মদ শাহাদাতের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, চার মাস ধরে সড়কটি ভাঙাচোরা। ইট-বালু দিয়ে ভরাট করলেও তা টেকে না। টানা বৃষ্টিতে সড়ক আগের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দর সড়কের ২ নং মাইলের মাথা, ইপিজেড, বন্দরটিলা, নেিভ কমপ্লেক্স এলাকা, সিমেন্ট ক্রসিং অংশেও ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। সল্টগোলা এলাকায় মোহাম্মদ হানিফ নামের এক লরিচালক প্রথম আলোকে বলেন, নামকাওয়াস্তে মাঝেমধ্যে সংস্কারকাজ হয়। সড়কে গর্তের কারণে গাড়ি চালাতে কষ্ট হয়। আগে মাসে একবার গাড়ি মেরামত করতে হতো। এখন রাস্তা খারাপের কারণে মাসে তিন-চারবার গাড়ি মেরামত করতে হয়।
বন্দরটিলা এলাকার রিকশাচালক মহতাব হোসেন বলেন, বর্ষার আগে থেকেই রাস্তার অবস্থা খারাপ। ইট দিয়ে গর্ত ভরাট করে দেওয়া হয়। কিন্তু কয়েক দিন পর তা উঠে যায়। গাড়ি চালাতে গিয়ে পুরো শরীরে ব্যথা হয়ে যায়।
বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং থেকে কাঠগড় পর্যন্ত আড়াই কিলোমিটারের অংশের প্রায় পুরোটাই পিচ উঠে গেছে। ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মকর্তা ড্যানী বড়ুয়া প্রথম আলোকে বলেন, সড়কের খানাখন্দ ও যানজটের কারণে প্রতিদিন অফিসে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়।
গত মঙ্গলবার সকালে জাকির হোসেন সড়কের মহিলা কলেজ মোড়, হলি ক্রিসেন্ট হাসপাতাল, ওয়্যারলেস মোড় এলাকায় গিয়ে দেখা যায় ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের হিসাবে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অক্সিজেন-মুরাদপুর সড়কের হামজারবাগ, আতুরার ডিপো, অক্সিজেন মোড় এবং বায়েজিদ বোস্তামী সড়কের পলিটেকনিক মোড়ে গর্ত দেখা যায়।