গাড়ি চলে হেলেদুলে যাত্রীরা থাকেন ভয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-তরণী হাট-চন্দনবাইশা সড়ক। পূর্ব বগুড়া হিসেবে পরিচিত সারিয়াকান্দি, গাবতলী ও ধুনট উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। চলাচল করে শত শত যানবাহন।
গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। অনেক স্থানের ইট, বালু, বিটুমিন উঠে গিয়ে গাড়ি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাচ্ছে এলাকার মানুষ।
চন্দনবাইশার নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান রেজা বলেন, পূর্ব বগুড়ার বিশাল জনপদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই এই সড়কনির্ভর। রাত পোহালেই নানা প্রয়োজনে এই সড়ক হয়ে যাতায়াত করতে হয় জেলা শহরে। যোগাযোগব্যবস্থার দিক থেকে সড়কটি গুরুত্বপূর্ণ হলেও নানা কারণে এটি অবহেলিত।
২২ দশমিক ৫ কিলোমিটার দূরত্বের এ সড়কের ১৫ দশমিক ৫ কিলোমিটার অংশ বর্তমানে দেখভাল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আর ৭ কিলোমিটার দেখে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এর মধ্যে এলজিইডির ১০ দশমিক ৫ কিলোমিটার অংশই সবচেয়ে খারাপ।
এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন মিয়া জানান, সড়কটির পুরো অংশই একসময় এলজিইডি থেকে দেখভাল করা হতো। গত বছর যমুনার বাঁধ ভেঙে এই সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর জোড়গাছা থেকে চন্দনবাইশা পর্যন্ত ৭ কিলোমিটার অংশ দেখভালের দায়িত্ব নেয় সওজ বিভাগ। গত অর্থবছরে এলজিইডির গাবতলী উপজেলা সীমানার ১ দশমিক ৭ কিলোমিটার অংশ ৩৪ লাখ টাকায় সংস্কার করা হয়। বর্তমানে সদর উপজেলার সাবগ্রাম থেকে সারিয়াকান্দির জোড়গাছা সেতু পর্যন্ত সড়কটির ১০ দশমিক ৫ কিলোমিটার অংশই বেহাল। চার বছর আগে সর্বশেষ সড়কটির সংস্কার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়ক থেকে অদ্দীরগোলা বাজার হয়ে বাঙ্গালীর শাখা নদীর ওপর তরণী হাট সেতু পর্যন্ত অংশই ভাঙাচোরা। অনেক স্থানে ইট, বালু, বিটুমিনের অস্তিত্ব নেই। দেবে গেছে জোড়গাছা সেতুর পর থেকে সড়কের বেশ কিছু অংশ। ভাঙা সড়কে অটোরিকশা ও ইজিবাইক চলছে হেলেদুলে। গাড়ির যাত্রীরা থাকেন ভয়ে ভয়ে।
একই চিত্র সড়কটির অদ্দীরগোলা থেকে লাঠিগঞ্জ বাজার পর্যন্ত অংশেরও। লাঠিগঞ্জ বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকলেও কারও নজর নেই।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন মিয়া বলেন, সড়কের এই অংশ সংস্কারের জন্য চলতি অর্থবছরে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। আগামী জুনের মধ্যে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার চেষ্টা চলছে।