গাড়ি চাপায় শিশুর মৃত্যু সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তার কাছে জালাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে চৌমুহনী-মাইজদী সড়কে মাইক্রোবাসের চাপায় জান্নাতুল ফেরদাউস (১১) নামের একটি শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
জান্নাতুল ফেরদাউস চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর হোসেনের মেয়ে। সে বেগমগঞ্জ কুরিপাড়া জে কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, বেলা দুইটার দিকে জান্নাতুল ফেরদাউস সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাইজদী অভিমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। পরে বেগমগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে এবং ক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে নুর হোসেন থানা থেকে তাঁর মেয়ের লাশ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ করেননি।
বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।