গাড়ি ছিনতাইকারী চক্রের পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি ও ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন আবদুল খালেক, রনি, বাজীব, আলী আহাম্মদ ও মো. আজিম। গতকাল বৃহস্পতিবার ডিবির একটি দল প্রথমে ঢাকার মোহাম্মদপুর থেকে আবদুুল খালেককে ও মিরপুর থেকে রনিকে গ্রেপ্তার করে। আর অন্য একটি দল বাকি তিনজনকে সিলেট থেকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য জানান।

খালেক ও রনির ভাষ্য অনুযায়ী মাসুদুর রহমান জানান, তাঁরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও গাড়ি চুরি করেন। এরপর রাজীব এসব গাড়ি সিলেটে নিয়ে আলী আহাম্মদ ও আজিমের কাছে বিক্রি করেন।

উপকমিশনার জানান, এই পাঁচজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন এলাকা থেকে পাঁচটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ ছাড়া রাজধানী ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের অ্যাজমা সেন্টার ভবনের সামনে থেকে একটি ও রাজমণি সিনেমা হলের সামনে থেকে আরেকটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।