গাড়ি ধরতে গিয়ে মিলল মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদের স্টিকার লাগানো রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়িটি ব্যবহার করছিলেন ঢাকা রিজেন্সি হোটেলের একজন পরিচালক। প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের এই গাড়ি জব্দ করতে গেলে তা আগেই সরিয়ে ফেলা হয়। তবে হোটেলের ভেতর থেকে পাওয়া যায় অবৈধ মদ ও বিয়ার। গত বৃহস্পতিবার রাতে র্যা ব-১-এর সাহায্যে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, রেঞ্জ রোভার ব্র্যান্ডের গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় এ দেশে বেশ কয়েক বছর আগে আনা হয়। গাড়িটির ওপর সাংসদের স্টিকার লাগানো ছিল। এ অবস্থায় আরিফ মোতাহার নামে রিজেন্সি হোটেলের এক পরিচালক গাড়িটি ব্যবহার করছিলেন। বৃহস্পতিবার রাতে অভিযানের বিষয়টি টের পেয়ে এটি সরিয়ে ফেলা হয়। তবে হোটেলের ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে।
ফুটেজে দেখা গেছে, গাড়িটিতে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করা হচ্ছিল। পরে হোটেলের বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ২৩ এপ্রিল রাতেও গাড়িটি আটক করতে অভিযান চালানো হয়। সে দিনও গাড়ি কৌশলে হোটেল থেকে সরিয়ে ফেলা হয়। তবে গাড়িটি আটকের চেষ্টা চলছে।