গাড়ি বানাবে প্রগতি: শিল্পমন্ত্রী

গাড়ি সংযোজনকারী সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ এখন থেকে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করবে। এ জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ শনিবার রাজধানীর নিউ ইস্কাটনে হোমটাউন মোটর পার্টস মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
শিল্পমন্ত্রী বলেন, দেশের বাজারে ক্রমবর্ধমান মোটর গাড়ির চাহিদা মেটাতে প্রগতির মাধ্যমে গাড়ি তৈরির এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শিল্পমন্ত্রী বলেন, ঢাকার ধোলাইখালসহ অনেক এলাকায় দেশীয় প্রযুক্তিতে মোটর পার্টস তৈরি হচ্ছে। দেশে গুণগতমানের স্পেয়ার পার্টস তৈরির জন্য বিনিয়োগে এগিয়ে আসতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা দেবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।
পরে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, যাঁরা প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছেন, কথায় নয়, কাজের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে তাঁদের সমালোচনার জবাব দেওয়া হবে।
প্রগতি ইন্ডাট্রিজ ১৯৬৬ সাল থেকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।প্রতিষ্ঠানটি যন্ত্র সংযোজনের মাধ্যমে বাংলাদেশে যানবাহন তৈরি করে থাকে।এখন পর্যন্ত ৫০ হাজারের অধিক মোটরকার, জিপ, বাস, ট্রাক, পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্সসহ নানা পরিবহনের যন্ত্র তারা সংযোজনের মাধ্যমে বাজারজাত করেছে।