গাড়ি ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামীকাল বুধবার ভোর ছয়টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছে আন্তজেলা বাস মালিক সমিতি।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চারটি গাড়িতে আগুন ও অর্ধশতাধিক গাড়িতে ভাঙচুর চালানোর প্রতিবাদে ওই ধর্মঘট ডাকা হয়েছে।
দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কার্যালয়ে আন্তজেলা বাস মালিক সমিতির নেতা ও শ্রমিকেরা বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ। বৈঠকের পর সমিতির সচিব মনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, চট্টগ্রামে ১১৭টি রুটে গাড়ি চলাচল হয়। এর মধ্যে ৬০টি রুটে আন্তজেলা বাস চলে। ধর্মঘট চলাকালে ৬০টি রুটে গাড়ি বন্ধ থাকবে। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় তাঁরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হন। এর প্রতিবাদে কুমিরা ক্যাম্পাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। তাঁরা ক্ষুব্ধ হয়ে সীতাকুণ্ডের সিরাজ ভূঁইয়ার রাস্তা, ইকো পার্ক ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় স্টার লাইন পরিবহনের তিনটি বাসসহ মোট চারটি বাস ও একটি ট্রাকে অগ্নিসংযোগ এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। নিহত ছাত্রের নাম নুরুন্নবী রুবেল (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।