গাড়ি ভাঙচুরের ফাঁদে ফেলে এবার ২২ লাখ টাকা ছিনতাই
ব্যক্তিগত মোটরগাড়ির সামনে-পেছনে আটটি মোটরসাইকেল নিয়ে একদল লোক ঘিরে ফেলে। কোনো কিছু বোঝার আগেই তারা হাতুড়ি দিয়ে অতর্কিত গাড়ির কাচ ভাঙচুর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করলে ভাঙচুরকারীরা গাড়ির ভেতর থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। সিলেটের ব্যস্ত নয়া সড়ক এলাকায় গতকাল সোমবার বেলা দুইটার দিকে এভাবে ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নগরের পুরান লেন এলাকার বাসিন্দা ফতেপুর চা-বাগানের মালিক ইয়াহিয়া ওসমান গতকাল দুপুরে নগরের দরগাগেট এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে ২২ লাখ টাকা তোলেন৷ সোয়া তিনটার দিকে তিনি ব্যক্তিগত মোটরগাড়িতে করে চা-বাগানে ফিরছিলেন। গাড়িটি নয়া সড়ক এলাকার খাজাঞ্চিবাড়ি স্কুলের সামনে পৌঁছালে রাস্তার দুই দিক থেকে আটটি মোটরসাইকেল গাড়ির গতিরোধ করে। গাড়ির সামনে থাকা চারটি মোটরসাইকেল থেকে সাত-আটজন নেমে হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙচুর শুরু করে। পেছনে থাকা বাকি চারটি মোটরসাইকেল থেকে কয়েকজন নেমে গাড়িতে থাকা ব্যক্তির কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ইয়াহিয়া সাংবাদিকদের বলেন, ‘টাকাগুলো চা-বাগানের শ্রমিক ও কর্মচারীদের বেতনের ছিল। ছিনতাই করার জন্য এভাবে আক্রমণ হবে, আমার ধারণার মধ্যে ছিল না। তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ি ভাঙচুরে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করেছে।’
স্থানীয় কয়েকজন জানান, সিলেট নগরে ছিনতাইকারীরা নানা কৌশলে ছিনতাই শুরু করেছে। রাস্তায় ঝগড়া বাধিয়ে কিংবা গাড়ি ভাঙচুরের ফাঁদে ফেলে ছিনতাই হচ্ছে। গত ১ জুন শহরতলির মেজরটিলা এলাকায় গাড়ি ভাঙচুরের কৌশলে পেট্রলপাম্প ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাই হয়। ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর এবার একই কায়দায় দ্বিতীয় ঘটনা ঘটল।
যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, গাড়ি ভাঙচুর করার কৌশলে ছিনতাই হওয়ায় ধারণা করা হচ্ছে, এটি সংঘবদ্ধ কোনো চক্রের পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীদের শনাক্ত করার জন্য পুলিশের একাধিক দল তৎপরতা চালিয়েছে।