গাড়িচাপায় কলেজছাত্র ও শিশু নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ড ভ্যানের চাপায় কলেজছাত্র এবং আড়াইহাজারে বালুবাহী ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোনারগাঁ: সোনারগাঁয়ে নিহত কলেজছাত্রের নাম আরেফিন রহমান (২০)। তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। সোনারগাঁয়ে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজার সামনে আরেফিন রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী কাভার্ড ভ্যান তাঁকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই পথচারী ও এলাকাবাসী কাভার্ড ভ্যানটি আটক করে ভাঙচুর করেন। তাঁরা চালক হেলাল হোসেন এবং তাঁর সহকারী সজিব মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও তাঁর সহকারীর শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত কলেজছাত্রের ভাই মোস্তাফিজুর রহমান থানায় মামলা করেছেন।
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বালুবাহী ট্রাকের চাপায় মারা গেছে দুই বছর বয়সী শিশু রোমান। সে উপজেলার সাদারদিয়া এলাকার জহির মিয়ার ছেলে।
গোপালদী-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রাকচালক মাহাবুবকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, খেলার ছলে বাড়ির পাশে রাস্তায় উঠে যায় শিশু রোমান। এ সময় বালুবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আড়াইহাজার-গোপালদী সড়ক প্রায় ১০ মিনিট অবরোধ করে রাখেন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে শান্ত করেন।
গাজীপুর: সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে গাজীপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা-টাঙ্গাইল সড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনায় দুটি যানেরই সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি সড়কের পাশে ফার্নিচারের দোকানে ঢুকে পড়ে। এতে দুই গাড়ির চালকসহ অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় বাসটি আড়াআড়ি সড়কে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর হাইওয়ে পুলিশ রেকার দিয়ে বাস-ট্রাক সরিয়ে নিলে বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।