গাড়িচাপায় মরছে বন্য প্রাণী
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রাস্তাসহ জেলার বিভিন্ন সড়কে গাড়িচাপায় প্রায়ই বন্য প্রাণী মারা পড়ছে। মাঝেমধ্যেই প্রাণীর থেঁতলে যাওয়া মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। রাস্তাগুলো সাপসহ নানা ধরনের প্রাণীর জন্য হুমকি হয়ে উঠছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মিহির কান্তি দো বলেন, ‘লাউয়াছড়ার ভেতর দিয়ে চলে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কটিতে আগে এত যানবাহন ছিল না। এখন যানবাহন অনেক বেড়ে গেছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত দু-এক সপ্তাহের মধ্যে বন্য কুকুর, লজ্জাবতী বানর, গন্ধগোকুলসহ বেশ কিছু প্রাণী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। লাউয়াছড়ার বন্য প্রাণীরা রাস্তার দুই পাশকেই তাদের অঞ্চল মনে করে। সন্ধ্যার পর বানর ছাড়া আর সব প্রাণী বেরিয়ে পড়ে। সড়ক দুর্ঘটনা এসব প্রাণীর জন্য হুমকি হয়ে উঠছে। ’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক দিয়ে বন্য প্রাণী চলাচল করে—এ রকম সতর্কীকরণ সাইনবোর্ড থাকলেও চালকেরা তা খুব কমই নজরে রাখেন। রাতের বেলা ডাকাতের ভয়ে চালকেরা এ এলাকা দ্রুত পার হওয়ার চেষ্টা করেন। ফলে দুর্ঘটনা বেশি হয়। অনেক দিন ধরেই উদ্যান এলাকায় সড়ক দুর্ঘটনায় বন্য প্রাণী মারা গেলেও এ বিভাগের কাছে এর কোনো পরিসংখ্যান নেই। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক ছাড়াও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া, কালাপুর এলাকা এবং মৌলভীবাজার-কুলাউড়া সড়কের পাহাড়ি এলাকাতেও বন্য প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছে।
বার্ড ক্লাবের সদস্য তানিয়া খান বলেন, ‘শুধু লাউয়াছড়া এলাকা নয়, জেলার পাহাড়ি সব কটি রাস্তায় প্রায়ই বন্য প্রাণী মারা যাচ্ছে। কদিন আগে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে রাস্তার মধ্যে একটি মৃত মেছো বাঘ পড়ে থাকতে দেখেছি।’
মৌলভীবাজার বন্য প্রাণী রেঞ্জ শ্রীমঙ্গলের ফরেস্ট রেঞ্জার সাহেব আলী মিয়া বলেন, ‘মাঝেমধ্যেই দু-একটা প্রাণী মারা যাচ্ছে। তবে রাস্তা তো বন্ধ করা যাবে না। তাই লাউয়াছড়ার ৮-১০ কিলোমিটারের মধ্যে আমরা স্পিড ব্রেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছি।’