গাড়িচালক শাহজাহান যন্ত্রণায় কাতারেচ্ছন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাটে সন্ত্রাসী হামলায় আহত পিকআপচালক শাহজাহান হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর বাঁ চোখের জখম গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ঘটনার দুই দিন পরও পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে পিকআপচালক শাহজাহানের ওপর হামলা চালান স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচত মাসুদ। এ সময় মাসুদের সঙ্গে মনসুর ও সুমন নামের আরও দুই যুবক ছিলেন। হামলাকারী তিন যুবক ও আহত চালকের গ্রামের বাড়ি মদনহাট এলাকায়।
হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী শাহজাহানের ভাগনে মোহাম্মদ রাসেল প্রথম আলোকে বলেন, ‘আমার মামাকে মাসুদ গুলি করেছে। এরপর তাঁকে লাঠিপেটা করা হয়। হাসপাতালে নেওয়ার সময় মাসুদ বাধা দিয়ে বলে, তোরা কী করবি?’
শাহজাহানের স্ত্রী জাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে মদনহাট এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ওপর মোটরসাইকেল থামিয়ে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন মাসুদ। আমার স্বামী তখন পিকআপে ছিলেন। তিনি মাসুদকে রাস্তা থেকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন। এতে মাসুদ ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে গাড়ি থেকে নামিয়ে গুলি করেন। পরে তাঁকে মারধরও করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন শাহজাহান। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক রাখাল চন্দ্র বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘শাহজাহানের বাঁ চোখের অবস্থা ভালো নয়। তবে মাথার আঘাত গুরুতর নয়।’
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, মাসুদ এলাকার বখাটে যুবক হিসেবে পরিচিত। স্বেচ্ছাসেবক লীগের কোনো পদে সে নেই। ইউনিয়নের কর্মী হতে পারে। মাসুদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারকে বলা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাসুদসহ তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।