গাড়িচালককে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় গতকাল বুধবার বিল্লাল মিয়া (২৭) নামের এক মাইক্রোবাসচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। বিল্লাল কাজীপাড়া মহল্লার কুদ্দুছ মিয়ার ছেলে। তাঁর পরিবারের লোকজনের দাবি, মাইক্রোবাসের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বিল্লালকে পেটানো হয়। পরে এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চুরির নাটক সাজানো হয়। কয়েকজন এলাকাবাসী জানান, কাজীপাড়া ধোপাবাড়ির মোড়ের মোখলেছ মিয়ার বাড়িতে গতকাল ভোরে চোর ঢুকলে বাড়ির লোকজন টের পেয়ে যান। পরে তাঁরা চোরদের ধাওয়া করেন। এরপর তাঁরা রাস্তায় বেরিয়ে মাইক্রোবাসচালক বিল্লালকে পেয়ে পিটুনি দেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ওই যুবককে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে থানায় নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে আবার ওই হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১০টার দিকে তিনি মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।