গাড়িতে উঠেই পোশাক পাল্টায় অপহরণকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাকে গাড়িতে তুলেই চোখ বেঁধে ফেলা হয়। আমি শুনতে পাই, অপহরণকারীরা বলাবলি করছে, তাড়াতাড়ি পোশাক পাল্টে ফেল। এই পোশাক রাখা যাবে না। এরপর আমার নাকে-মুখে স্প্রে করলে জ্ঞান হারিয়ে ফেলি।’
গত বৃহস্পতিবার আদালতে দেওয়া জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের গাড়িচালক রেজাউল হক। মুজিবুর রহমানও আদালতকে বলেছেন, অপহরণকারীদের পরনে পুলিশের পোশাক ছিল।
আদালতকে কী বলেছেন জানতে চাইলে মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বলেছি, অপহরণকারীরা ভেরি স্মার্ট, ভেরি স্পেশাল ফোর্স, নট অর্ডিনারি পিপল (তারা বিশেষ বাহিনীর, সাধারণ মানুষ না)। এর বেশি বলব না।’ গাড়িচালক রেজাউল হকের সঙ্গে গতকাল শুক্রবার সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় তাঁর বাড়িতে বসে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের কাছে তিনি অপহরণের ঘটনা খুলে বলেছেন।
বন্দী অবস্থায় কোথায় ছিলেন জানতে চাইলে রেজাউল বলেন, ‘কোথায় ছিলাম জানি না। তবে পুরো সময় এক জায়গাতেই ছিলাম। সব সময় হাতকড়া পরা এবং চোখ বাঁধা থাকত। চোখের ওপর প্রথমে টিস্যু পেপার দিত। পরে বাঁধা হতো। শুধু টয়লেটে কিংবা গোসল করতে গেলে হাতকড়া ও চোখ খুলে দেওয়া হতো। তাঁকে ভীষণ মারধর করা হয়েছে বলে জানান তিনি।
অপহরণকারী তাঁর কাছে কী জানতে চেয়েছে—এমন প্রশ্নে রেজাউল বলেন, ‘আমার কাছে মুজিবুর সাহেব কী করেন, তাঁর কী কী ব্যবসা আছে, তাঁর পরিবার কোথায়—এসব জানতে চাইত। আমি উত্তর দিলে তারা মিথ্যা বলছি বলে মারধর করত।’ কী দিয়ে মারত? ‘বেতের বড় গল্লা দিয়ে।’
অপহরণের পর আর মুজিবুর রহমানের সঙ্গে দেখা হয়নি জানিয়ে রেজাউল বলেন, ‘আমাকে ছাড়ার দিন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা গাড়ি চলে। আমার তখন চোখ বাঁধা এবং রোবকা পরা। ছেড়ে দেওয়ার আগে বলা হয়, ১০ মিনিট পরে যেন চোখ খুলি, না হলে দূর থেকে গুলি করে মেরে ফেলা হবে। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর খুলে দেখি, পাশে মুজিবুর রহমান দাঁড়ানো, তাঁর পরনেও বোরকা। তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। তারপর দুজনে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে গুলশানে যাই।’
মুজিবুর রহমান তাঁকে এক হাজার টাকা দিয়ে সুনামগঞ্জে চলে আসতে বলেছিলেন কি না জানতে চাইলে রেজাউল বলেন, ‘সব ঠিক আছে। কিন্তু আমার শরীর তখন খুব খারাপ। আমি দাঁড়াতে পারছিলাম না। গুলশানের ওই বাসারই একটি ছেলে এসে আমাকে বলে, আমি যেন কোথাও বিশ্রাম নিয়ে তারপর সুনামগঞ্জে রওনা হই।’
মাঝখানে দুই দিন কোথায় ছিলেন জানতে চাইলে রেজাউল বলেন, ‘একটি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। এক দিন এক রাত ঘুমিয়েই কাটিয়েছি। এক দিন সকালে টেলিভিশনে দেখি, আমার সাব (মুজিবুর রহমান) হাসপাতালে আর আমি নিখোঁজ। আমি তখন ভয় পেয়ে যাই। হাসপাতালের খবর নিয়ে সেখানে যাই। কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পরে দেখি মুজিব সাহেবের ভাতিজা ফোন করতে করতে সেখান থেকে বেরিয়ে আসছেন। আমি দৌড়ে গিয়ে তাঁকে সব বলি। পরে সেখানে থাকা সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম স্যারের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমাদের একসঙ্গে সুনামগঞ্জে নিয়ে আসে পুলিশ।’
কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রেজাউল। বলেন, ‘আমার শরীর খুব খারাপ। ভাবিনি আবার মা-বাবা, স্ত্রী-সন্তানদের কাছে ফিরতে পারব। এখনো বন্দী দিনগুলোর কথা মনে হলে ভয় পাই।’
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান এবং তাঁর গাড়িচালক অপহৃত হন। সাড়ে তিন মাস পর ১৮ আগস্ট গাজীপুরের টঙ্গী এলাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।