
মাইক্রোবাস ছাড়া অন্য যানবাহনে বা গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তের কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন হাইকোর্ট। এ সময়ে মাইক্রোবাস ছাড়া যেসব গাড়িতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কালো কাচ ব্যবহার হচ্ছে, সেসব গাড়িকে ডিসটার্ব (চলাচল বিঘ্নিত) না করতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ এ আদেশ দেন।
তবে মাইক্রোবাস ছাড়া কালো কাচ ব্যবহার করতে ইচ্ছুক অন্য যানবাহনের মালিক চাইলে সরকার বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে এ জন্য অনুমতি চাইতে পারবেন। আবেদন করলে তা সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিআরটিএকে বলা হয়েছে।
রুলে গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধে সরকারের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনারসহ (ট্রাফিক) পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, গাড়িতে কালো কাচ ব্যবহারের সিদ্ধান্ত কার্যকরে দুই সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদেশের বিষয়টি জানিয়ে মো. আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, এর ফলে মাইক্রোবাসে কালো কাচ ব্যবহার নিষিদ্ধই থাকছে।
কালো কাচ ব্যবহারে নিষিদ্ধ করে ৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৪ মে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি করেন।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কালো কাচের মাইক্রোবাস ব্যবহারের অভিযোগ ওঠার পর মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে ১০ মের মধ্যে কালো কাচ খুলে ফেলতে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রিট আবেদনে দাবি করা হয়, মোটর ভেহিক্যালস অর্ডিন্যান্স-১৯৮৩ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এসআরওতে এমন কোনো বিধান নেই, যার কারণে সরকার এ রকম সিদ্ধান্ত নিতে পারে। ৩০ এপ্রিল সরকারের নেওয়া সিদ্ধান্ত শিথিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৬ মে সিদ্ধান্ত দেয়। এতে বিল্ট-ইন গাড়ির ক্ষেত্রে ওই সিদ্ধান্ত প্রযোজ্য নয় বলা হয়। এ সিদ্ধান্তটি বৈষম্যমূলক। রিটে ওই সিদ্ধান্ত কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।
৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সিদ্ধান্তে বলা হয়, অপহরণসহ অপরাধ কর্মকাণ্ড পরিচালনার সময় অপরাধীরা কালো, রঙিন, মার্কারি ও অস্বচ্ছ কাচযুক্ত গাড়ি ব্যবহার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে গাড়ির আরোহী বা ভেতরে রাখা বস্তু শনাক্ত করা, অপরাধীদের গতিবিধির ওপর নজর রাখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমস্যা হয়। এ জন্যই কৃত্রিম আবরণ অপসারণের এই আদেশ দেওয়া হয়েছে।