গাড়িতে কালো কাচ নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তে স্থিতাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত কার্যকরে দুই সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ একটি রিট আবেদনের শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন৷
গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে৷ স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপসচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে৷
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার৷
আদালতের আদেশে বলা হয়েছে, স্থিতাবস্থার সময় পার হয়ে গেলে মাইক্রোবাসে কালো কাচ ব্যবহার করা যাবে না৷ তবে মাইক্রোবাস ছাড়া কালো কাচ রয়েছে এমন ব্যক্তিগত গাড়ির মালিকেরা চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইতে পারবেন৷ এ ছাড়া যে কেউ কালো কাচ ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আবেদন করতে পারবেন৷ এ ধরনের আবেদন করার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষ্পত্তি করতে হবে৷
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় কালো কাচের মাইক্রোবাস ব্যবহারের অভিযোগ ওঠার পর ৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশে জানায়, ১০ মের মধ্যে মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো কাচ খুলে ফেলতে হবে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৪ মে রিট আবেদনটি করা হয়৷