গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি পোশাক কারখানার ভেতরে গতকাল শনিবার একটি পিকআপ ভ্যানের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ওই পিকআপ ভ্যানের চালকসহ আটজন অগ্নিদগ্ধ হন।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ দিঘিরপাড় এলাকার আহ্সান কম্পোজিট কারখানার মালামাল নেওয়ার জন্য গতকাল দুপুরে দুটি পিকআপ ভ্যান আসে। মালামাল ভরার পর পিকআপ ভ্যান দুটি কারখানার প্রধান ফটকের কাছে পৌঁছামাত্র একটির গ্যাসের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই পিকআপ ভ্যানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায় এবং চালকসহ আটজন অগ্নিদগ্ধ হন। পরে কারখানার শ্রমিকেরা দ্রুত নিজেদের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক আলী আজগর (৪০), তাঁর সহকারী হায়দার আলী (২৮), কারখানার মার্কেটিং সুপারভাইজার আমানুল্লাহ (৩৫), নিরাপত্তাকর্মী আবদুল বারেক (৪৮), শ্রমিক মো. আপন (২৫), আবদুল জলিল (২৭), বেলাল হোসেন (২৬) ও ছমির উদ্দিন (২৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন। এঁদের মধ্যে আলী আজগর, আমানুল্লাহ ও আবদুল বারেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ক্রটিপূর্ণ ও পুরোনো হয়ে যাওয়া গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে। কারখানা কর্তৃপক্ষ অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছে।